পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
ঢাকা: ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধসহ দ্বিপক্ষীয় বিভিন্ন জটিলতা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন তুলে ধরবেন। গণতান্ত্রিক রূপান্তর এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের লক্ষ্য ও অগ্রাধিকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। সংকটটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আরও জোরালোভাবে আকর্ষণ করতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে উচ্চপর্যায়ের আলোচনা ও বিভিন্ন বৈঠকে বিষয়টি তুলে ধরা হবে। নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রীরসান ফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে বলেও জানা গেছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা।’
সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং এ-সংক্রান্ত জটিলতার সুরাহা কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।
এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

