জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চার দিনের এই আয়োজনে বিশ্বের ৪১টি দেশের প্রায় ১৬৫টি সিনেমা প্রদর্শিত হয়েছে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর শ্রীনগরের পাশাপাশি জম্মু ও গুলমার্গের বিভিন্ন ভেন্যুতে বসেছিল সিনেমার এই আসর।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ডাল লেকে খোলা আকাশের নিচে সিনেমা প্রদর্শন। হাউজবোট ও শিকারার পাশে লেকের ওপর তৈরি অস্থায়ী পাটাতনে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ পান দর্শকরা। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এমন আয়োজন উৎসবটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথমবারের এই চলচ্চিত্র উৎসবে প্রায় ৬০টি দেশ থেকে এক হাজারের বেশি সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করা হয় ৪১ দেশের প্রায় ১৬৫টি চলচ্চিত্র। ফিচার ফিল্মের পাশাপাশি প্রদর্শিত হয়েছে বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও।
শ্রীনগরে উদ্বোধনী প্রদর্শনী হয় আইনক্সে। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) সহায়তায় আয়োজিত উৎসবের শুরুতে প্রদর্শিত হয় লেবাননের নির্মাতা সারা ফ্রান্সিসের ‘ডেড ডগ’।
স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে উৎসবে রাখা হয়েছিল বেশ কয়েকটি পুরস্কার বিভাগ। পাশাপাশি সিনেমা প্রদর্শনের বাইরে ছিল মাস্টারক্লাস, সেমিনার ও প্যানেল আলোচনা। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরাও এতে অংশ নেন।
উৎসবে ভারতের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র ছবি হিসেবে জায়গা করে নেয় পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ‘নধরের ভেলা’। ছবিটিতে অভিনয় করেছেন অমিত সাহা, ঋত্বিক চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে ছবিটি।
চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন কাশ্মীরের নির্মাতা রাজা সমীর খান, প্রয়াত পরিচালক মণি কৌলের সঙ্গে কাজ করা চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা এবং নাট্যব্যক্তিত্ব এম কে রায়না। এছাড়া অভিনেতা ও নির্মাতাদের জন্য একাধিক মাস্টারক্লাসও আয়োজন করা হয়।
অভিনয়বিষয়ক মাস্টারক্লাস নিতে উৎসবে যোগ দেন পরিচালক অশোক বিশ্বনাথন। তার ভাষায়, দীর্ঘ পরিকল্পনার পর কাশ্মীরের মাটিতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দরজা খুলেছে।
উৎসব আয়োজনে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) জনবল ও কারিগরি সহায়তা দিয়েছে। অশোক বিশ্বনাথনের পাশাপাশি বিধু বিনোদ চোপড়া ও ইমতিয়াজ আলিও মাস্টারক্লাস পরিচালনা করেন।

