ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এ উদ্যোগের মূল লক্ষ্য কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে স্বল্প সুদে ও স্বল্প মেয়াদে চলতি মূলধন ঋণ সরবরাহ করা।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ওয়ান ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম।
এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং ওয়ান ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কমার্শিয়াল এবং এসএমই বিজনেস বিভাগের প্রধান নেওয়াজ খালিদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিমটি বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কাঠামোর আওতাভুক্ত। এ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই খাতের ব্যবসাগুলোর অর্থায়ন ঘাটতি পূরণে সহায়তার পাশাপাশি সহজতর অর্থায়ন সুবিধা এবং তুলনামূলক কম সুদহারে ঋণ পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে ওয়ান ব্যাংক পিএলসি তাদের অর্থায়ন কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি সিএমএসএমই খাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এর ফলে দেশে সিএমএসএমই ব্যবস্থার প্রসার, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

