শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। এ সময় তারা দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এতে আরও বলা হয়, বৈঠকে জনগণের মধ্যে সুদৃঢ় বন্ধনের ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়। তারা এই দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও সুগভীর করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং এক্ষেত্রে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জাতীয়