কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা ড. নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার প্রতিবাদে এবং আসামিদের ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে কুবির বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন শিক্ষার্থীদের পক্ষ থেকে চার দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। দাবিগুলো হলো:
১. আগামী ৬০ দিনের মধ্যে অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
২. দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে কুমিল্লার জেলা পুলিশ সুপার (এসপি), কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৩. কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে।
৪. সারা দেশে ও কুমিল্লা অঞ্চলে রাষ্ট্রের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
দাবি উপস্থাপনকালে বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী নাঈম ভূঁইয়া আল্টিমেটাম দিয়ে বলেন, আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে আমাদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়া না হলে এবং অগ্রগতির বাস্তব প্রতিফলন দেখা না গেলে আমরা পরবর্তীতে সারা দেশজুড়ে আরো বৃহত্তর ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

