এখন ডিএনসিসির কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না: প্রশাসক

অতি বৃষ্টিতেও ডিএনসিসির কোথাও এখন আর জলাবদ্ধতার সৃষ্টি হয় না বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘অতি বৃষ্টিপাতের ফলে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংস্কার কার্যক্রম চলমান থাকায় ও কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করার ফলে এই সমস্যার সমাধান হয়েছে। এক্ষেত্রে আমরা প্রায় সফলতা অর্জন করেছি।

রোববার গাবতলীর প্রস্তাবিত কাঁচা বাজারে ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধনকালে প্রশাসক এসব কথা বলেন।

প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসা বাড়ির বর্জ্য দ্রুত অপসারণ করে এসটিএস এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক করার জন্য ৫টি ক্যারিয়ার ট্রাক উদ্ধোধন করা হলো আগামীতে আরো ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হবে। বর্জ্য ব্যবস্থাপনাকে আরো সহজ, দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেয়ার জন্য ডিএনসিসি সর্বদা সচেষ্ট এবং দায়িত্ব পালন করছে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮০ টি হতে ২০০ টি গাড়ির মাধ্যমে প্রতিদিন ঢাকা শহরের চার হাজার টন বর্জ্য অপসারণ করছে। নগরবাসীকে আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে আজ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যোগ করা হলো। এই গাড়িগুলোর মাধ্যমে সহজে ও দ্রুত সময়ের মধ্যে ময়লা আবর্জনা অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়া হবে বলে প্রশাসক জানান।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর ৯০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সর্বদা মাঠে নিয়োজিত রয়েছে।

ডেঙ্গু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে এই কার্যক্রমের আওতায় প্রতিদিন পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা করা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি।

প্রশাসক নতুন ট্রাকের উদ্বোধন করার পর তিনি নিজে একটি ট্রাক চালিয়ে পরীক্ষা করেন। সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণে এসব ট্রাক ব্যবহার করা হবে। নতুন ভারী যানগুলো যুক্ত হওয়ায় ডিএনসিসির বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে।

জাতীয়