ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ৪

ক্যারিবীয় সাগরে একটি নৌযানে সামরিক অভিযান চালিয়ে চারজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। শনিবারের (১৯ সেপ্টেম্বর) এ হামলার পর মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, নৌযানটি সরাসরি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। এ বিষয়ে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। গত বছর থেকে চিহ্নিত মাদক-সন্ত্রাসীদের লক্ষ্য করে নিয়মিত অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন।

শনিবারের এই আক্রমণ সেই ধারাবাহিক অভিযানেরই সর্বশেষ ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সাউদার্ন কমান্ড জানিয়েছে, নৌযানটির মাদক চোরাচালানে জড়িত থাকার সুস্পষ্ট তথ্য ছিল। তবে হামলার সুনির্দিষ্ট ধরন বা নৌযানটির প্রকৃত অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর মাত্র ১০ দিন আগেও ক্যারিবীয় অঞ্চলে আরেকটি সামরিক অভিযান চালানো হয়, যেখানে তিনজন প্রাণ হারান।

যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ অভিযান শুরুর পর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বিভিন্ন নৌযানে চালানো হামলায় এ পর্যন্ত ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মার্কিন বাহিনীর এসব সামরিক হামলা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। সংস্থাগুলোর মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সাগরে চালানো এসব প্রাণঘাতী অভিযান মূলত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

জাতীয়