ধর্ম ও বাণিজ্য ডেস্ক
আসন্ন ২০২৭ সালের হজ মৌসুমের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ এবং বিমান ভাড়া হ্রাসের ঘোষণা আসছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আনুষ্ঠানিকভাবে এই হজ প্যাকেজ ঘোষণা করবেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের হজে যাত্রীদের আর্থিক স্বস্তি দিতে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বের ১ লাখ ৫৪ হাজার টাকা থেকে কমিয়ে তা ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হতে পারে। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য এবার দুটি পৃথক প্যাকেজ ঘোষণা করা হবে। এর আগে ২০২৬ সালে সরকারিভাবে তিনটি এবং বেসরকারি এজেন্সিগুলোর জন্য সাধারণ ও অতিরিক্ত মিলে কয়েকটি প্যাকেজ নির্ধারিত ছিল।
উল্লেখ্য, গত বছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি ভিন্ন প্যাকেজে সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ছয় লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত খরচ নির্ধারিত হয়েছিল। পাশাপাশি বেসরকারি এজেন্সির সাধারণ প্যাকেজের ব্যয় ধরা হয়েছিল ৫ লাখ ৯ হাজার টাকা, যার সঙ্গে অতিরিক্ত প্যাকেজ ঘোষণার সুযোগ ছিল। নতুন এই ঘোষণায় সামগ্রিক খরচ কিছুটা সহনীয় পর্যায়ে নামবে বলে আশা করা হচ্ছে।


