আমেরিকা সফরে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না: ট্রাম্প

আমেরিকা সফরে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মাটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির মেয়রের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতের পর এই অবস্থান স্পষ্ট করল ওয়াশিংটন।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি এক সংবাদমাধ্যমে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে তাকে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে পাঠানোর দাবি জানান। পাশাপাশি, নিউ ইয়র্কে তার প্রবেশ ঠেকাতে এবং স্থানীয় আইনে আইনি পদক্ষেপ নেওয়া যায় কি না, সে বিষয়ে পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। মেয়রের এই মন্তব্যের পর ইসরায়েল ও হোয়াইট হাউসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় মেয়রের এই অবস্থানের কড়া সমালোচনা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ভিত্তিহীন আখ্যা দিয়ে আদালতটিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে অভিহিত করেছে ইসরায়েল প্রশাসন। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল—কোনো দেশই এই আদালতের সদস্য নয় এবং এই আদালতের ওপর তাদের কোনো এখতিয়ার নেই।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়রের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি স্পষ্ট জানান যে, যুক্তরাষ্ট্র সফরে এলে বেনিয়ামিন নেতানিয়াহু কোনো অবস্থাতেই গ্রেপ্তার হবেন না। ট্রাম্প আরও উল্লেখ করেন, নেতানিয়াহু মূলত ইরানের বিরুদ্ধে লড়াই করছেন, যারা সাধারণ মানুষ ও মার্কিন সেনাদের ওপর অতীতে হামলা চালিয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার প্রেক্ষাপটে এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে ইসরায়েল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। যেহেতু যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয়, তাই এই পরোয়ানা কার্যকর করার কোনো আইনি বাধ্যবাধকতা মার্কিন প্রশাসনের ওপর নেই। ফলে স্থানীয় মেয়রের আইনি উদ্যোগের ঘোষণা সত্ত্বেও ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে নেতানিয়াহুর আমেরিকা সফর নিয়ে কোনো আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ