জাতীয় ডেস্ক
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। মঙ্গলবার মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মো. মোখতার আহমেদ। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
আলোচনাকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ভূমি অফিসগুলোতে প্রবাসী কার্ডধারীদের জন্য অগ্রাধিকার সেবা বা প্রায়োরিটি সার্ভিস চালু করা, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের সুবিধা প্রদান এবং নামজারি বা মিউটেশনসহ অন্যান্য ভূমি সেবা স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করা। এছাড়া ভূমি অফিসগুলোতে পৃথক প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে বিশেষ অগ্রাধিকার প্রদানের জন্য ভূমিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।
প্রস্তাবগুলোর জবাবে ভূমিমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং তাঁদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে উল্লিখিত সকল সেবা যথাযথভাবে ও দ্রুততার সাথে নিশ্চিত করবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আশ্বস্ত করেন ভূমিমন্ত্রী।
প্রবাসী কার্ডধারীদের ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল করার প্রক্রিয়ার অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় থেকে অবিলম্বে একটি নির্দিষ্ট ফোকাল পয়েন্ট নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী। সংশ্লিষ্টরা আশা করছেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্রবাসীরা দেশে তাঁদের অর্জিত সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি পাবেন এবং হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।


