অপরাধ ডেস্ক
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল সিকদারকে (৩০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুলাই) বিকালে রামচন্দ্রপুর গ্রামের রবিউল সিকদারের বিরুদ্ধে শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রবিউল আত্মগোপন করেন। এ ঘটনার প্রতিবাদে ও আসামির ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা বৃষ্টির মধ্যে নড়াইল-মাইজপাড়া-মাগুরা সড়কে অবস্থান নেন ছাত্র-জনতা। একই সঙ্গে নড়াইল-লোহাগড়া-ঢাকা মহাসড়কের সদর উপজেলার দত্তপাড়া এলাকায় বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
পরে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে এই মামলার চার্জশিট দ্রুততম সময়ের মধ্যে আদালতে দাখিল করা হবে। অভিযুক্ত রবিউলের সর্বোচ্চ শাস্ত নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনগত সহযোগিতা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৃশংস এই হত্যাকাদ্মের ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিচার প্রক্রিয়ায় আইনি পদক্ষেপ দ্রুত সম্পন্ন করা হবে।


