অপরাধ ডেস্ক
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখার সুযোগ নিয়ে এক গৃহবধূকে (১৮) বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানকে আসামি করে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখতে ভুক্তভোগীর স্বামী বাড়ির বাইরে যান। স্বামীর এই অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত আতিকুর রহমান কৌশলে ঘরে প্রবেশ করেন এবং গৃহবধূর মুখ চেপে ধরেন। পরবর্তীতে ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আতিকুর রহমান সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি বর্তমানে পূর্ব রাঘবপুর (খামার) এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে সরাসরি ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় ইউপি সদস্য গোলাম রাব্বানীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা হয় এবং ঘটনাটি সত্য বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে আমার কাছে আসেননি এবং ভুক্তভোগী পরিবার কী আইনি উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা নেই।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অভিযুক্ত আতিকুর রহমানকে দ্রুত গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।


