বিনোদন ডেস্ক
পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ২৬ জুলাই একটি বিশেষ সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলা লাইভ’-এর আয়োজন করা হয়েছে। লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে এই কনসার্ট শুরু হবে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন দেশের জনপ্রিয় রক তারকা ও নগর বাউলখ্যাত ব্যান্ডশিল্পী মাহফুজ এনাম জেমস। তার কালজয়ী ও জনপ্রিয় গানগুলো দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবে বলে আশা করছেন আয়োজকরা। জেমসের পাশাপাশি এই আয়োজনে বিশেষ পারফরম্যান্স নিয়ে উপস্থিত থাকবেন চিত্রনায়ক জায়েদ খান। এই আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো পর্তুগাল সফরে যাচ্ছেন এই অভিনেতা, যা দেশটিতে তার প্রথম মঞ্চ পরিবেশনা। নতুন এই দেশে প্রবাসীদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে এবং ভিনদেশীয় মাটিতে বাঙালি সংস্কৃতি তুলে ধরার বিষয়ে নিজের গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় আয়োজক সংস্থা কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা যৌথভাবে এই কনসার্টের আয়োজন করেছে। আয়োজকদের প্রত্যাশা, জেমসের সংগীত এবং জায়েদ খানের পরিবেশনা লিসবনের এই আয়োজনকে অন্য মাত্রা দেবে। এটি পর্তুগালে এ পর্যন্ত বাংলা সংস্কৃতির অন্যতম বৃহৎ সংগীত আয়োজন হতে যাচ্ছে বলে জানিয়েছে আয়োজক পক্ষ। ইতিমধ্যে লিসবনের প্রবাসী বাংলাদেশিদের মাঝে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।


