অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

রাজনীতি ডেস্ক

হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) তাকে চিকিৎসার জন্য এ হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রবীণ এই রাজনীতিবিদ হঠাৎ কয়েকবার বমি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দেশের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির প্রবীণ সদস্য। তিনি চারদলীয় জোট সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিগত কয়েক বছর ধরে তিনি বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন, যার কারণে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তার উপস্থিতি সীমিত হয়ে পড়েছিল।

তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য চিকিৎসকদের পর্যালোচনার পর জানানো হবে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

রাজনীতি শীর্ষ সংবাদ