২০৩০ বিশ্বকাপে ৬৪ দল: ফিফার বিরুদ্ধে লা লিগা সভাপতির তীব্র সমালোচনা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল: ফিফার বিরুদ্ধে লা লিগা সভাপতির তীব্র সমালোচনা

খেলাধুলা ডেস্ক

২০৩০ ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৬৪টিতে উন্নীত করার সম্ভাবনা নিয়ে আলোচনার ঘোষণা দেওয়ায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তীব্র সমালোচনা করেছেন স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ফিফার এমন অবস্থানকে “দায়িত্বজ্ঞানহীন” হিসেবে আখ্যায়িত করে তিনি সংস্থাটির বর্তমান ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি ইতালীয় একটি ক্রীড়া মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস জানান, বিশ্ব ফুটবলে এমন একটি মৌলিক ত্রুটিপূর্ণ প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছে, যার ওপর ভর করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দীর্ঘ এক দশক ধরে ক্ষমতায় টিকে আছেন। তার মতে, ইনফান্তিনোর মেয়াদ এখন শেষের পথে এবং বর্তমান নীতি অব্যাহত থাকলে তা ফুটবলের মূল ভিতকে ক্ষতিগ্রস্ত করবে।

লা লিগা প্রধান জোর দিয়ে বলেন, পুরো ফুটবল শিল্প কেবল বিশ্বকাপ কেন্দ্রিক হতে পারে না। স্বল্প মেয়াদের একটি টুর্নামেন্টের জন্য সার্বিক ফুটবল ব্যবস্থাকে হুমকির মুখে ফেলা হচ্ছে বলে তিনি সতর্ক করেন। তেবাসের ভাষায়, “মাত্র ৪০ দিনের একটি আয়োজন, যেখানে নির্দিষ্ট সংখ্যক ফুটবলার অংশ নেন—তার ওপর ভিত্তি করে পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করা হচ্ছে। অথচ ঘরোয়া লিগ ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের মূল ভিত্তি।”

খেলোয়াড়দের ব্যস্ত সূচি ও অতিরিক্ত ম্যাচের চাপ নিয়ে ঘরোয়া লিগগুলোর দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় দলের পরিধি বাড়ানোর চেয়ে ঘরোয়া ফুটবল সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তেবাস। তিনি উল্লেখ করেন, স্থানীয় ও জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতাগুলোই খেলাটিকে সচল রাখে। ফলে প্রতিযোগিতার সংখ্যা বাড়িয়ে ফুটবলারদের ওপর চাপ সৃষ্টি করার সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের স্বার্থ রক্ষা করে না।

গত জুনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০৩০ সালের বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে দল সংখ্যা ৬৪টিতে সম্প্রসারণের বিষয়ে আলোচনার ইঙ্গিত দেন। যৌথভাবে এই টুর্নামেন্টের মূল আয়োজক হিসেবে রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া শতবর্ষ উদযাপন উপলক্ষে প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনাতেও উদ্বোধনী কয়েকটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চকে আরও প্রসারিত করার এই প্রস্তাব বিশ্ব ফুটবলের বাণিজ্যিক ও প্রশাসনিক ক্ষেত্রে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

খেলাধূলা শীর্ষ সংবাদ