ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মাতৃভাষা সংরক্ষণে সরকার আন্তরিক: ডেপুটি স্পিকার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মাতৃভাষা সংরক্ষণে সরকার আন্তরিক: ডেপুটি স্পিকার

জনপ্রশাসন ডেস্ক

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার বিস্তার এবং নিজস্ব মাতৃভাষা রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। নতুন প্রজন্ম যেন হাজং ভাষা ভুলে না যায়, সেই লক্ষ্যে সরকারি উদ্যোগে হাজং ভাষার বই প্রকাশ এবং মন্দিরভিত্তিক ভাষা শিক্ষা কার্যক্রম চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামসুজ্জামান আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, পরিচয়ের ভিন্নতার কারণে দেশের কোনো নাগরিককে পিছিয়ে রাখার সুযোগ নেই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে ‘অনগ্রসর’ হিসেবে বিবেচনা না করে গারো ও হাজংসহ সকল জাতিগোষ্ঠীকে সমঅধিকারের নাগরিক হিসেবে সসম্মানে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আত্মনির্ভরশীলতার লক্ষ্যে সরকারি ও সামাজিক সহায়তার সঠিক ব্যবহারের তাগিদ দেন।

বক্তব্য শেষে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা ও অর্থসামাজিক ক্ষমতায়নের অংশ হিসেবে কলমাকান্দা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োাজিত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ২৮ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নগদ উপবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৪১ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮৫ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫৭ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া গৃহহীন ও সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নয়টি পরিবারের মাঝে নতুন বসতঘরের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এসব সমন্বিত পদক্ষেপ পার্বত্য ও সমতলের নৃ-গোষ্ঠীর মানুষের শিক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাতীয় শীর্ষ সংবাদ