গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্থানীয় সরকার মন্ত্রী

গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় ডেস্ক

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের সার্বিক জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস আয়োজিত ‘বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৬ (বিডিসি ২০২৬)’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ অতিক্রম করছে। ছাত্র-জনতার আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দেশের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বৈশ্বিক সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক চ্যালেঞ্জ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার ও প্রাতিষ্ঠানিক অনিয়মের কারণে জাতীয় অর্থনীতি চাপে পড়লেও জনগণের শক্তি ও নতুন সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াবে।

সরকারের গৃহীত পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, অর্থনীতি পুনর্গঠন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতকে সুসংহত করার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে উন্নয়ন কর্মসূচি গ্রহণ এবং শিল্প ও কৃষি খাতের বিকাশে সম্প্রতি ঘোষিত বাজেটে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা অপরিহার্য। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততার মাধ্যমে জনগণের ঐক্য ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় শীর্ষ সংবাদ