জাতীয় বার্তা ডেস্ক
শেখ হাসিনা সরকারের পতনের পর লাল ইটের প্রাসাদ গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরিত করার সিদ্ধান্ত বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সরকারের সময়সূচি বিলম্বের পর অবশেষে আগামী ৫ আগস্ট সর্বসাধারণের জন্য এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। অন্তর্বর্তী সরকার ও তৎকালীন ছাত্র-জনতার আন্দোলনের স্মারক সংরক্ষণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনকালের বিভিন্ন ঘটনাপ্রবাহ, ছাত্র-জনতার অভ্যুত্থান এবং এতে নিহত ও আহতদের স্মারকচিহ্ন সংরক্ষণের লক্ষ্যে এই ভবনটি জাদুঘরে রূপান্তরিত করা হলো।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এ বিষয়ে নিশ্চিত করে জানান, আন্দোলন ও সরকার পতনের স্মারক হিসেবে সংরক্ষিত এই জাদুঘরটি আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উক্ত অনুষ্ঠানটির সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্ট তারিখটিকে সরকারিভাবে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিবস উদযাপনে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী দিনের অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) শহীদ পরিবার এবং আন্দোলনে আহত ব্যক্তিদের স্মরণে বিশেষ আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন। আন্দোলন চলাকালে ব্যবহৃত বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড, শহীদ ও আহতদের পোশাক এবং গণভবনের সংশ্লিষ্ট স্মারকচিহ্নগুলো ভবিষ্যতে আন্দোলনের প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে এই জাদুঘরে প্রদর্শন করা হবে।


