রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক অধিকার, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই: পরিবেশমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক অধিকার, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই: পরিবেশমন্ত্রী

জাতীয় ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষটিকে সম্পূর্ণ সাংবিধানিক ও ব্যক্তিগত অধিকার বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে তিনি স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিলে তার সাথে রাজনীতির কোনো সরাসরি যোগসূত্র নেই।

শনিবার দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে এসব ব্যাধি থেকে মুক্ত রাখতে ক্রীড়া চর্চার ওপর বিশেষ নজর দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে, যা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে ভূমিকা রাখবে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ প্রসঙ্গে মন্ত্রী জোর দিয়ে বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা সুসংহত করা অপরিহার্য। সম্পদ সৃষ্টি ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে জাতীয় সম্পদ ও কর্মসংস্থান উভয়ই বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্জিত সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

ব্যবসা ও রাজনীতির পারস্পরিক সম্পর্কের বিষয়ে নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকেও বক্তব্য রাখেন আবদুল আউয়াল মিন্টু। তিনি উল্লেখ করেন, রাজনীতি যেমন অর্থনীতিকে প্রভাবিত করে, তেমনি একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি রাজনীতিকে পরিশীলিত করে। এজন্য ব্যবসায়ীদের অযথা হয়রানি মুক্ত রেখে প্রযুক্তিনির্ভর আধুনিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রশাসক এম এ খালেক। এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ