অর্থ ও বাণিজ্য ডেস্ক
বাংলাদেশ ও চিলির মধ্যকার বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার লক্ষ্যে উভয় দেশের রাজধানীতে নিজস্ব দূতাবাস স্থাপনের ওপর জোর দেয়া হয়েছে। ম্যানিলায় পররাষ্ট্র স্তরের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাককেনা বাণিজ্য প্রসারের নানাবিধ কৌশল নিয়ে আলোচনা করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সম্ভাবনার কথা স্বীকার করে দুই দেশই সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সুযোগ খতিয়ে দেখতে নীতিগতভাবে সম্মত হয়েছে। বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে চিলি থেকে বাংলাদেশে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ আমদানির সুযোগ সৃষ্টি এবং চিলির বাজারে বাংলাদেশি তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স ও চামড়াজাত পণ্য রপ্তানির বিষয়ে বিস্তারিত রূপরেখা প্রণয়নের সিদ্ধান্ত হয়।
অর্থনৈতিক অংশীদারিত্বকে বেগবান করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যকার বেসরকারি খাতের ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। এর জবাবে চিলির পররাষ্ট্রমন্ত্রী খুব শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন, যা দক্ষিণ আমেরিকার ল্যাটিন ব্লকে বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।


