জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে: জ্বালানি প্রতিমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক

জাতীয় গ্যাস গ্রিডে তৈরি হওয়া কারিগরি ত্রুটি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে সরবরাহ স্বাভাবিক করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মেরামত কাজ সম্পন্ন হলে শিগগিরই বাসাবাড়ি, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ আগের অবস্থায় ফিরে আসবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

শনিবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের বিদ্যমান গ্যাস সরবরাহ ব্যবস্থার কারিগরি চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মাধ্যমে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এই দুই ইউনিটের ওপর ভিত্তি করেই দেশের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম এবং রাজধানীসহ প্রধান প্রধান শহরাঞ্চলের গৃহস্থালি রান্নার গ্যাস সরবরাহ নির্ভর করে।

সম্প্রতি এই দুটি ইউনিটের একটিতে আকস্মিক কারিগরি জটিলতা দেখা দেয়। ফলে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে গিয়ে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। এই সংকট কাটাতে পেট্রোবাংলা এবং একটি কারিগরি সহায়তাকারী বেসরকারি কোম্পানি যৌথভাবে দিনরাত কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ সার্বিক মেরামত কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে বলেও সভার উপস্থিত সবাইকে নিশ্চিত করা হয়।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, জাতীয় জীবনের প্রতিটি খাতে বিদ্যুৎ ও গ্যাসের ভূমিকা অপরিসীম। তাই সাময়িক এই বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না ছড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। সরকার দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সরবরাহে ফিরে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধ প্রসঙ্গে প্রধান অতিথি নৈতিক শিক্ষার প্রসারের ওপর জোর দেন। প্রতিমন্ত্রী মন্তব্য করেন, প্রাতিষ্ঠানিক ও বৈষয়িক ক্ষেত্রে অগ্রগতি হলেও সমাজের নৈতিক মূল্যবোধের জায়গায় এক ধরণের ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতির সুযোগ নিয়ে একশ্রেণির মানুষ রাজনৈতিক ও সামাজিক স্বার্থ হাসিল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের ভেতরে নৈতিকতা ও সত্য-মিথ্যার প্রার্থক্য অনুধাবনের শিক্ষা দিতে হবে। সমাজের দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে এই সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন তিনি।

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এছাড়া মুক্ত আলোচনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তা, স্থানীয় ইমাম পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সমাজের নানা স্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে গুজব রোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

জাতীয় শীর্ষ সংবাদ