বিনোদন ডেস্ক
জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’র চলমান চতুর্থ সিজনের তৃতীয় গান হিসেবে প্রকাশিত হয়েছে ‘পাতার বাঁশরি’। ঈশান মজুমদার ও সুনিধি নায়কের যৌথ কণ্ঠে পরিবেশিত গানটি প্রকাশের পর থেকেই শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। শাস্ত্রীয় সুর ও ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি এই গানটি ইতোমধ্যেই সংগীতাঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
‘পাতার বাঁশরি’ মূলত একটি রোমান্টিক ঘরানার গান। গানের মূল বিষয়বস্তু আবর্তিত হয়েছে ভালোবাসা, বিরহ এবং দীর্ঘ প্রতিক্ষাকে কেন্দ্র করে। গীতিনাট্যের আদলে নির্মিত এই গানে তুলে ধরা হয়েছে কীভাবে বাঁশির সুর দুই হৃদয়কে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখে। ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে গত শনিবার সন্ধ্যা ৭টায় গানটি মুক্তির মাত্র ১২ ঘণ্টার মধ্যে ২ লাখ ৭১ হাজারের বেশি বার দেখা হয়েছে। শ্রোতারা সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির সুর, গায়কী এবং ধারণশৈলীর প্রশংসা করছেন।
গানটির কথা যৌথভাবে লিখেছেন ঈশান মজুমদার ও ইলিয়াস হোসেন এবং সুর করেছেন ঈশান নিজে। সংগীত আয়োজনের দায়িত্বে ছিলেন অদিত রহমান। কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনটির কিউরেটর ও প্রযোজক হিসেবে কাজ করছেন শায়ান চৌধুরী অর্ণব। শিল্পী ঈশান মজুমদার এর আগে ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে নজর কেড়েছিলেন। অন্যদিকে, সুনিধি নায়ক এর আগে প্ল্যাটফর্মটির প্রথম সিজনে শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে ‘সন্ধ্যা তারা’ দ্বৈত গানে কণ্ঠ দিয়ে পরিচিতি পান।
সাধারণত কোক স্টুডিওর অন্যান্য গানের দৃশ্যধারণ ইনডোর সেটে করা হলেও ‘পাতার বাঁশরি’র ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। গানের গল্প ও আবহকে প্রাণবন্ত করতে এর দৃশ্যধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ের পানাম নগরে। পানাম নগরের শতাব্দীর প্রাচীন স্থাপনা এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে গানের ক্লাসিক্যাল আবহের সংমিশ্রণ অডিও-ভিজ্যুয়াল পরিবেশনাকে অনন্য মাত্রা দিয়েছে বলে মনে করছেন সংগীতবোদ্ধারা।
কোক স্টুডিও বাংলা দেশীয় সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে আধুনিক সংগীতায়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার যে ধারাবাহিক প্রক্রিয়া বজায় রেখেছে, ‘পাতার বাঁশরি’ গানটিকে তারই একটি সফল সংযোজন হিসেবে দেখা হচ্ছে। পুরোনো দিনের বাংলা গানের স্বাদ ও ঐতিহ্যকে বর্তমান ডিজিটাল যুগে পুনরুদ্ধারের ক্ষেত্রে এই প্রয়াস ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।


