কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: ইউক্রেনের বিরুদ্ধে আকস্মিক আক্রমণের অভিযোগ তেহরানের

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: ইউক্রেনের বিরুদ্ধে আকস্মিক আক্রমণের অভিযোগ তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনের কঠোর সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের দাবি, ইউক্রেনীয় বাহিনীর এই আক্রমণ অসংগত, অযৌক্তিক এবং সরাসরি শত্রুতাপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক নৌযানের ওপর এই ধরণের সামরিক হামলাকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, উত্তর সীমানার কাস্পিয়ান সাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজটিতে আকস্মিক হামলায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে জাহাজে থাকা অন্তত একজন নাবিক নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পরই তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কড়া প্রতিবাদ বার্তা হস্তান্তর করেছে ইরানি কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনীয় উর্ধ্বতন মহল এবং সামরিক কর্তৃপক্ষ এই হামলার দায় প্রকাশ্যেই স্বীকার করেছে, যা ইরানের বিরুদ্ধে দেশটির চলমান বৈরী নীতি ও আগ্রাসী অবস্থানেরই ধারাবাহিক প্রমাণ। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সামরিক সংঘাতের পরিধি বাড়ানোর এই চেষ্টা আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে।

জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক নৌ-পরিবহন আইন লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে। তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার অধিকার রাখে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ