‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের পর্দা নামছে আজ, সমাপনীতে থাকবেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের পর্দা নামছে আজ, সমাপনীতে থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার (২৭ জুলাই) পর্দা নামছে তৃণমূলের প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদদের অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে ফুটবল ও অ্যাথলেটিক্সের বেশ কয়েকটি আকর্ষণীয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বালিকা বিভাগের ফুটবল ফাইনালের পাশাপাশি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তালিকা অনুযায়ী, বিকাল ৪টায় ভেন্যুতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। পরবর্তীতে তিনি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালসহ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী প্রত্যক্ষ করবেন। যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।

চলতি বছরের ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই আয়োজনের আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়েছিল। ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ দেশের প্রতিটি উপজেলা ও জেলা থেকে এতে অংশ নেয়। মোট আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা শেষে রাজধানীর ঢাকার নির্ধারিত কয়েকটি ভেন্যুতে এর জাতীয় পর্ব আয়োজিত হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ