নতুন বিতর্কে  ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার

নতুন বিতর্কে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার

খেলাধুলা ডেস্ক

সাম্প্রতিক সময়ে অনুশীলনের নির্ধারিত সময় বাদ দিয়ে একটি অনলাইন পোকার টুর্নামেন্টে অংশ নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নেইমার। মাঠের পারফরম্যান্স দিয়ে সেই সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করেন তিনি। শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে জোড়া গোল করার পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে কার্ড খেলা ও গলফ খেলার ভঙ্গি করে নিজের উদযাপনের মাধ্যমে সমালোচকদের বার্তা দেন।

তবে ২-২ গোলে সমতায় শেষ হওয়া ওই ম্যাচের বিরতিকালে ড্রেসিংরুমে তার আচরণ নিয়ে গুরুতর অভিযোগ ওঠে। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়, প্রথমার্ধের খেলা শেষে ড্রেসিংরুমে ফিরে নেইমার দলের দুজন তরুণ সতীর্থের ওপর চড়াও হন এবং তাদের মানহানিকর কথা বলেন। এর মধ্যে তরুণ খেলোয়াড় গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে তিরস্কার করা এবং ম্যাচের ৬২তম মিনিটে আত্মঘাতী গোল করা মিডফিল্ডার জোয়াও আনানিয়াসের কৌশলগত দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ আনা হয়। এসব প্রতিবেদনের মতে, নেইমারের এমন আচরণে ক্লাবের সতীর্থ, কোচিং স্টাফ ও পরিচালনা পর্ষদের সদস্যরা চরম অসন্তোষ প্রকাশ করেন।

তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে এসব দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ড্রেসিংরুমে নির্দিষ্ট কোনো তরুণ সতীর্থকে আলাদাভাবে তিরস্কার করা হয়নি, বরং ম্যাচের পারফরম্যান্স নিয়ে পুরো দলের সঙ্গেই আলোচনা ও ভুলত্রুটি তুলে ধরা হয়েছিল।

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, একটি পেশাদার ফুটবল দলের প্রথমার্ধের খারাপ পারফরম্যান্সের পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের নিজেদের মধ্যে কড়া ভাষায় কথা বলা বা একে অপরকে জবাবদিহিতার আওতায় আনা খুবই স্বাভাবিক একটি বিষয়। দলে জয়ের মানসিকতা বজায় রাখতেই সব সিনিয়র ও জুনিয়র ফুটবলার এই আলোচনায় অংশ নিয়েছিলেন। কোনো নির্দিষ্ট ফুটবলারকে ছোট করার উদ্দেশ্যে কিছু বলা হয়নি।

এ সময় তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশের তীব্র সমালোচনা করে তিনি জানান, পেশাদার ফুটবলের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা না থাকায় এমন বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। ভবিষ্যতে তার নামে কোনো অসত্য তথ্য প্রকাশ করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

এদিকে মাঠের খেলায় জোড়া গোল করলেও ম্যাচের একপর্যায়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। এর ফলে কার্ডজনিত শাস্তির কারণে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ব্রাজিলিয়ান তারকাকে। গোল করে সাময়িকভাবে স্বস্তি ফিরলেও, মাঠ ও মাঠের বাইরের শৃঙ্খলাজনিত নানা বিতর্কের কারণে আবারও সংকটের মুখে পড়েছেন তিনি।

খেলাধূলা শীর্ষ সংবাদ