প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিদ্যমান ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ জোরদার করেছে সরকার। সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত রাখা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, ইউএইতে অবস্থানরত ও গমনেচ্ছুক বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বাধাগুলো সমাধানের চেষ্টা চলছে। দীর্ঘদিনের প্রশাসনিক ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠে প্রবাসীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে কাজ করছে মন্ত্রণালয়।
ইউএই সরকার বিভিন্ন সময়ে প্রশাসনিক ও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে নতুন ভিসা ইস্যু সীমিত ও ভিসা নবায়নে নানা শর্ত আরোপ করে। এতে অন্যতম বৃহৎ এই শ্রমবাজারে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও পেশাগত অনিশ্চয়তা তৈরি হয়।
সংকট নিরসন হলে আমিরাতে নতুন কর্মী প্রেরণের পথ সুগম হওয়ার পাশাপাশি প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ স্বাভাবিক থাকবে, যা দেশের অর্থনীতির গতি সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।


