মিরপুর-১৪ এলাকায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

মিরপুর-১৪ এলাকায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

জাতীয় ডেস্ক

রাজধানীর মিরপুর-১৪ এলাকায় নগরীকে পরিচ্ছন্ন ও সবুজ করার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে উদ্ভাবনী প্রদর্শনী ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা সচেতনতার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা তুলে ধরা হয়।

মঙ্গলবার সকালে মিরপুর-১৪ নম্বরে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নগরভিত্তিক বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করা। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে নগরীকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য রাখার বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভাবনী প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে তিনি একটি বর্ণাঢ্য পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা গেলে নগরীর সার্বিক উন্নয়ন ও পরিবর্তন আনা সহজতর হবে। শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি যুক্ত করার মাধ্যমে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, কেবল একটি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে এ ধরনের গঠনমূলক ও সচেতনতামূলক কার্যক্রম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অন্যান্য এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে একদিকে যেমন নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে, অন্যদিকে সিটি কর্পোরেশনের সেবাসমূহ এবং নাগরিক সুবিধাগুলো সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ শক্তির সঠিক ব্যবহার প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।

পুরস্কার বিতরণ পর্ব শেষে বিএন কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা আধুনিক ডাস্টবিনের যথাযথ ব্যবহার, যত্রতত্র বর্জ্য না ফেলা এবং সার্বিক পরিবেশ সুরক্ষার ওপর জনসচেতনতামূলক প্রচার চালান। র‍্যালি শেষে শিক্ষার্থীরা মিরপুর এলাকার নির্ধারিত স্থানে নিজস্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীর, প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতে যুবসমাজকে সম্পৃক্ত করে এ জাতীয় আরও নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ