রাজনীতি ডেস্ক
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পণ্যমূল্য এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আলোচনাকে প্রাধান্য দিয়ে বৈঠকে বসছেন ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, এটি স্থায়ী কমিটির একটি নিয়মিত বৈঠক। এতে সার্বিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
শুন্য হওয়া রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান জানান, শূন্য রাষ্ট্রপতি পদে কে আসতে পারেন, সে বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হওয়া স্বাভাবিক। তবে দলের ফোরামে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ নিয়ে আগাম মন্তব্য করার সুযোগ নেই বলে জানান নেতারা।


