যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই প্রতিরোধের আহ্বান প্রতিমন্ত্রীর

যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই প্রতিরোধের আহ্বান প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম অফিস

যৌতুক ও মাদককে ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করে সমাজ রক্ষায় পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রাম নগরীর ষোলশহরে এলজিইডি ভবন মিলনায়তনে আঞ্জুমানে রজভীয়া ট্রাস্ট আয়োজিত ‘যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, একদিকে ধর্ম ও মানবিকতার বুলি উপস্থাপন এবং অন্যদিকে বিবাহের সময় যৌতুক ও অতিরিক্ত বরযাত্রীর অজুহাতে কন্যাপক্ষকে চাপে ফেলা চরম নেতিবাচক মানসিকতার পরিচয়। সমাজে যৌতুকের কারণে নারীরা নিরন্তর নির্যাতনের শিকার হচ্ছেন। নিজ কন্যাসন্তানের পাশাপাশি পুত্রবধূদের প্রতিও সমান সম্মানজনক ও মানবিক আচরণ নিশ্চিত করা গেলে সমাজ থেকে যৌতুক প্রথা উচ্ছেদ সম্ভব।

মাদকের প্রাদুর্ভাব সম্পর্কে তিনি বলেন, মাদক পুরো সমাজ কাঠামোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মূল্যবোধের অবক্ষয় রোধে পাড়া, মহল্লা ও গ্রামপর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য। নিজ সন্তান অপরাধে যুক্ত হলেও তাকে আইনের আওতায় সোপর্দ করার মানসিকতা রাখতে হবে।

তিনি সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা জোরদার এবং জুমার খুতবা ও ওয়াজ মাহফিলের মাধ্যমে আলেম-ওলামাদের জনমত গঠনের তাগিদ দেন। সমাজকে কলুষমুক্ত করতে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেন তিনি।

শীর্ষ সংবাদ সারাদেশ