এমআইএসটি রোবোটিকস দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

এমআইএসটি রোবোটিকস দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

বিশেষ প্রতিবেদক

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন শিক্ষার্থীদের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ উদ্ভাবকদের দেশের মূল ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তিনি জানান, প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব সুবিধা প্রদান করবে।

আজ রোববার সচিবালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল ২০২৬’-এ প্রথম স্থান অর্জনকারী মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘মিস্ট ম্যাভিরভ’ দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সংবাদমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনায় বিজয়ী দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তরুণদের এ জাতীয় উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীরা তাঁদের তৈরি আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করলে তিনি এর নকশা, প্রযুক্তিগত দক্ষতা ও ব্যবহারিক ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী রোবটটির অধিকতর উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের ক্ষেত্রে সরকারি সহায়তার আশ্বাস দেন।

শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতে নিজস্ব উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়ে বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গঠনে সরকারের বিশেষ কর্মসূচির মাধ্যমে অর্থায়ন ও প্রযুক্তিগত সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে অর্থনীতিকে গতিশীল করতে তৈরি পোশাক খাতের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধ, আসবাবপত্র ও প্রসাধন সামগ্রীর মতো সম্ভাবনাময় খাতগুলোর প্রসারে গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে এই খাতের বিকাশে অবদান রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় এমআইএসটির শিক্ষার্থীদের তৈরি ‘মিস্ট ম্যাভিরভ’। এতে যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং কানাডা তৃতীয় স্থান অর্জন করে।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, সংশ্লিষ্ট বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ