বিনোদন ডেস্ক
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরছেন দেশের নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। যাত্রাপথে তার সাথে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতার শারীরিক অবস্থায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় এবং তিনি নিজে দেশে ফেরার আকুলতা প্রকাশ করায় পরিবারের পক্ষ থেকে তাকে স্বল্প সময়ের জন্য দেশে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পারিবারিক ও সামাজিক সংগঠন সূত্রে জানা গেছে, কাঞ্চনের এই সফরটি সংক্ষিপ্ত। ১৪ আগস্টের মধ্যেই তাকে পুনরায় লন্ডনে ফিরে যেতে হবে, কারণ আগামী ১৫ আগস্ট সেখানে তার পূর্বনির্ধারিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে এক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে চিকিৎসা সংক্রান্ত ঝুঁকি ও জটিলতার কারণে সে সময় টিউমারের সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত কেমোথেরাপির আওতায় আনা হয়। এ পর্যন্ত তাকে প্রায় ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়া ও শারীরিক অসুস্থতার কারণে তার বাহ্যিক অবয়বেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
লন্ডনে অবস্থানকালে তাকে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদান করা সত্ত্বেও কাঙ্ক্ষিত শারীরিক উন্নতি না হওয়ায় কাঞ্চনের পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা এই ব্যক্তিত্বের অসুস্থতার খবর দেশের চলচ্চিত্র অঙ্গনসহ সর্বস্তরের অনুরাগীদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল অভিনেতা ইলিয়াস কাঞ্চন ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য ব্যবসাসফল ও নিখাদ প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র শিল্পে অসাধারণ অবদানের পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে বিশেষ মর্যাদা অর্জন করেছেন।


