জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের প্রটোকল বজায় রাখার নির্দেশ

জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের প্রটোকল বজায় রাখার নির্দেশ

জেলা পরিষদ শাখা, স্থানীয় সরকার বিভাগ

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও প্রটোকলিক কার্যক্রমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় মর্যাদা ও মর্যাদা অনুযায়ী আসন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত একটি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, সরকারি ও প্রটোকল সংক্রান্ত যাবতীয় আয়োজনে আসন বিন্যাস, আমন্ত্রণপত্র তৈরি এবং আনুষ্ঠানিক চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণের ক্ষেত্রে জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসকদের জন্য নির্ধারিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসরণ করতে হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সরকারি কার্যক্রমে বিদ্যমান রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকায় উল্লেখিত প্রটোকল মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই পত্রে উল্লেখ করা হয় যে, মাঠপর্যায়ে সরকারি কর্মসূচিতে বিদ্যমান প্রটোকল না মানার কারণে বিভিন্ন সময় প্রশাসনিক জটিলতা তৈরি হয়। তা নিরসন ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। জেলা পর্যায়ে জেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। নীতিমালার সঠিক প্রয়োগের মাধ্যমে জেলা পরিষদের প্রধানদের প্রাপ্য মর্যাদা সুনিশ্চিত করা সম্ভব হবে।

চিঠির কপি ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ধারণা, এই নির্দেশনার ফলে আঞ্চলিক ও জেলা পর্যায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে প্রশাসনিক শৃঙ্খলা জোরদার হবে এবং জনপ্রতিনিধি ও প্রশাসকদের মর্যাদা সুরক্ষিত থাকবে।

জাতীয় শীর্ষ সংবাদ