বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক

জাতীয় ডেস্ক

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রাশেদুল হক। গত ৩০ জুলাই তিনি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের (অতিরিক্ত সচিব) স্থলাভিষিক্ত হন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রবিবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ রাশেদুল হককে গ্রেড-২ মর্যাদায় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের পরই তিনি প্রতিষ্ঠানটির প্রশাসনিক শীর্ষ পদে যোগ দিলেন।

নবাগত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষ করার পর তিনি দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় অস্ট্রেলিয়ায় অবস্থান করেন। সেখানে তিনি আন্তর্জাতিক যোগাযোগ, বহুসাংস্কৃতিক কর্মপরিবেশ ব্যবস্থাপনা এবং প্রবাসী বাংলাদেশী সম্প্রদায়ের কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি রাজনৈতিক ও নীতি নির্ধারণী ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকারি মালিকানাধীন একমাত্র জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের শীর্ষ পদে রাশেদুল হকের এই আগমন বৈদেশিক কর্মসংস্থান খাতে নতুন গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং প্রবাসী কর্মীদের স্বার্থ সংরক্ষণে তার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতার ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক শ্রমবাজারের পরিবর্তন ও নতুন বাজার অনুসন্ধানের যে তাগিদ তৈরি হয়েছে, সে ক্ষেত্রে প্রতিষ্ঠানটির নতুন প্রশাসনিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাতীয় শীর্ষ সংবাদ