আইন ও বিচার ডেস্ক
নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেছেন নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মো. মাহফুজুর রহমান।
আজ সোমবার (৩ আগস্ট) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর লেখা এই পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে জমা দেন তিনি।
পদত্যাগপত্রে মো. মাহফুজুর রহমান উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে অর্পিত দায়িত্ব পালনে অপাগ্র। এমতাবস্থায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পত্রটি গ্রহণপূর্বক তাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
এর আগে, গত ৩০ জুলাই সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ প্রদান করা হয়। ওই নিয়োগপ্রাপ্ত ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের তালিকায় মো. মাহফুজুর রহমানের নাম অন্তর্ভুক্ত ছিল।
সলিসিটর অনুবিভাগের পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বে বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে এই নতুন নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে আইনি সেবা জোরদার ও প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনবিদদের মতে, নতুন নিয়োগের স্বল্প সময়ের মধ্যে একজন সহকারী অ্যাটর্নি জেনারেলের সরে দাঁড়ানো প্রশাসনিক প্রক্রিয়ায় তাৎক্ষণিক কোনো বড় ব্যাঘাত না ঘটালেও বিষয়টি আইন অঙ্গনে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পদত্যাগপত্রটি প্রশাসনিক পর্যালোচনার পর পরবর্তী প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সলিসিটর কার্যালয় সূত্রে জানা গেছে।


