টেকসই পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

টেকসই পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অর্থ ও পরিবেশ ডেস্ক

দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষজ্ঞরা দেশের পানি খাতের প্রধান সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও টেকসই সমাধানের সুপারিশ তুলে ধরেন। আলোচনায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস, দীর্ঘ ও মধ্যমেয়াদি কৌশল গ্রহণ, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

সভায় উত্থাপিত বিষয়গুলোর মধ্যে ছিল দেশের নদ-নদী ও খালের নাব্যতা পুনরুদ্ধার, বাঁধের স্থায়ী স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ। দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে একটি সমন্বিত নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং পরিবেশ সুরক্ষা ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে সরকারের সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ ফুটস্টেপস বাংলাদেশ, বিশ্বব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও নগর উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ