জাতীয় ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঘোষণা করেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। সরকার জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের অবদান বিস্মৃত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশবিরোধী যেকোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে মোকাবিলা করা হবে। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অস্থিরতার পেছনে পরাজিত ফ্যাসিবাদের ইন্ধন থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়ন এবং শহীদ পরিবারের বিচার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


