জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

পঞ্চগড়ে গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহত বীর ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টায় জেলা শহরের শেরে বাংলা পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত সমাবেশে সরকারের এই দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সাংবাদিক ও সুধীজনের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি ধারা ও চেতনা বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ। ঐতিহাসিক এই দলিলের প্রতিটি পৃষ্ঠা ও অক্ষরে যা উল্লেখ রয়েছে, তা যথাযথভাবে রূপায়ণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই এই সনদের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই এবং সরকার এই ঐতিহাসিক রূপরেখা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবে।

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও দ্বিতীয় স্বাধীনতার চেতনা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিগত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান রোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অপশক্তি যাতে নতুন করে কোনো ধরনের বিভেদ তৈরি করতে না পারে বা অনৈক্যের সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। কঠিন ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই নতুন স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের ঈমানি ও জাতীয় দায়িত্ব।

একই সাথে পঞ্চগড়ের ঐতিহাসিক ত্যাগের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী স্মরণ করেন যে, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে পঞ্চগড় জেলার পাঁচজন বীর সন্তান রাজপথে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। আন্দোলন-সংগ্রামে তাদের এই অসামান্য আত্মত্যাগ জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে উল্লেখ করে তিনি শহীদদের বিদেহী আত্মার মাগফারাও কামনা করেন।

স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের পুষ্পস্তবক অর্পণের পর একে একে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং শহীদ পরিবারের সদস্যরাও সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধানিবেদন শেষে শহীদদের আত্মার মাগফারা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে কর্মসূচির অংশ হিসেবে জেলা সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।

সংবর্ধনা পরবর্তী আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজল বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া হবে না এবং গণতান্ত্রিক ধারাকুক্ষিগত করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে জণগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ