নাইজেরিয়ায় যৌথ বাহিনীর ব্যাপক অভিযান: অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার

নাইজেরিয়ায় যৌথ বাহিনীর ব্যাপক অভিযান: অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর সমন্বিত অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর পরিচালিত এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় একদিনের উদ্ধার অভিযান।
প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা নিশ্চিত করেছেন, অপহৃতদের নাইজার রাজ্যের কাইঞ্জি লেক ন্যাশনাল পার্ক সংলগ্ন বনাঞ্চল থেকে উদ্ধার করা হয়। এদের মধ্যে কোয়ারা রাজ্য থেকে ১৬৩ জন এবং নাইজার রাজ্য থেকে ১৪৫ জন অপহৃত হয়েছিলেন।
জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালনায় সশস্ত্র বাহিনী, পুলিশ ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই অপারেশন পরিচালনা করে। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এই সফল অভিযানকে স্বাগত জানিয়ে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠী ও বোকো হারাম-সংশ্লিষ্ট দস্যুদের মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ দেশটিতে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় বাহিনীর উপস্থিতি কম থাকা দুর্গম এলাকাগুলোতে সাধারণ নাগরিক, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে এসব হামলা ও অপহরণ চালানো হচ্ছে। এর জবাবে সম্প্রতি দেশজুড়ে সমন্বিত সামরিক অভিযান জোরদার করা হয়েছে।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ