জাতীয় ডেস্ক
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক গণভবনে তৈরি ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী কক্ষ পরিদর্শন করেন। উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার থেকেই জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষের তথ্যমতে, দর্শনার্থীদের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রবেশ সময়কে তিনটি স্লটে বিভক্ত করা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। নির্ধারিত সময়সূচী অনুযায়ী, প্রথম স্লটে বেলা ১১টা থেকে দুপুর ১টা, দ্বিতীয় স্লটে দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং তৃতীয় স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন এবং টিকিটে উল্লিখিত সময়ের মধ্যেই মূল ভবনে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।
দর্শনার্থীদের সুবিধার্থে অনলাইন বুকিং ব্যবস্থার পাশাপাশি সরাসরি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। সাধারণের জন্য উন্মুক্তের প্রথম দিনেই নির্ধারিত ৯০০টি টিকিট গতকালের মধ্যেই বিক্রি সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে গমন করেন। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। উক্ত সরকারের আমলেই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক দলিল সংরক্ষণের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।


