জাতীয় ডেস্ক
ভবিষ্যতে আর কেউ যেন রাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর শৃঙ্খল চাপাতে না পারে, সে লক্ষ্যে একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটে রাজনৈতিক মুক্তি অর্জিত হয়েছে। কিন্তু স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরেও বারবার দেশকে গণতান্ত্রিক ও নাগরিক অধিকারের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। এই কাঠামোগত দুর্বলতা দূর করে টেকসই ও সর্বজনীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের কাজ করছে বর্তমান সরকার।
রাজধানীর সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক একটি বিশেষ তথ্যভিত্তিক গ্রন্থ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, আত্মত্যাগ এবং রাষ্ট্রীয় পুনর্গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, “আমাদের স্বাধীনতার বয়স ৫৫ বছরের বেশি হতে চলেছে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় যে, এই দীর্ঘ পথপরিক্রমায় দেশবাসীকে বারবার রাজনৈতিক ও নাগরিক শৃঙ্খলে বন্দি হতে হয়েছে। বারবার শেকল পরানোর এই অপচেষ্টার কারণেই কাঙ্ক্ষিত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতি থেকে বঞ্চিত হয়েছে এ দেশের মানুষ।” তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রধান অর্জন হলো এই অন্যায় শেকল ভেঙে ফেলা। সরকার এমন একটি টেকসই প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক ব্যবস্থা তৈরি করতে অঙ্গীকারবদ্ধ, যাতে ভবিষ্যতে কোনো গোষ্ঠী বা ব্যক্তি রাষ্ট্রকে পুনরায় শৃঙ্খলিত করতে না পারে।
রাষ্ট্র পরিচালনার পরবর্তী রূপরেখা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রীয় সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠার সুস্পষ্ট নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই রূপরেখার মূল লক্ষ্যই হলো বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনিক ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থার পূর্ণ সংস্কারের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করা। সরকার এই রূপরেখা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং একটি শৃঙ্খলমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন ও বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই সরকারের পরিষ্কার ও প্রাতিষ্ঠানিক অবস্থান ব্যাখ্যা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, সরকার তার সঙ্গেই পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং তিনি সেই বক্তব্যেরই পুনরুক্তি করছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রকাশনাটির পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, ‘শিকল ভাঙার জুলাই’ সংকলনটিতে দেশের ২৩ জন বিশিষ্ট লেখক, গবেষক ও চিন্তাবিদের বিশ্লেষণধর্মী নিবন্ধ সংকলিত হয়েছে। বইটিতে লিখিত বক্তব্যের পাশাপাশি বস্তুনিষ্ঠ আলোকচিত্র ও নথিপত্রের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং জনমানুষের আকঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, আন্দোলন ও পরিবর্তনের এই ইতিহাসকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যে ভবিষ্যতেও সরকার আরও গবেষণামূলক বই, দলিল এবং তথ্যচিত্র প্রকাশের পরিকল্পনা বাস্তবায়ন করবে।
সচিবালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিবন্ধ ও আলোকচিত্র সমৃদ্ধ এই গ্রন্থটি জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার একটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


