অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ: বিইউপিতে প্রতিরক্ষা উপদেষ্টা

অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ: বিইউপিতে প্রতিরক্ষা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা ডেস্ক
অভিবাসন ব্যবস্থাপনাকে কেবল অর্থনীতি বা শ্রমবাজারের বিষয় হিসেবে না দেখে একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, সীমান্ত নিরাপত্তা এবং সামগ্রিক জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বর্তমান পরিবর্তনশীল বিশ্ব ও ভূরাজনৈতিক বাস্তবতায় নিরাপদ, সুশৃঙ্খল এবং পরিকল্পিত অভিবাসন নিশ্চিত করা না গেলে তা বহুমাত্রিক নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) “Migration Governance as a National Security Instrument in Bangladesh” শীর্ষক এক অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষা উপদেষ্টা উল্লেখ করেন, আধুনিক বিশ্বে নিরাপত্তার চিরাচরিত ধারণা পরিবর্তিত হয়েছে। ভৌগোলিক সীমান্ত রক্ষার পাশাপাশি মানুষের নিরাপদ চলাচল, বৈধ কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের মর্যাদা রক্ষাও এখন জাতীয় নিরাপত্তার অংশ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রবাসী আয়ের ভূমিকা অপরিসীম হলেও অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও আন্তর্জাতিক অপরাধচক্রের তৎপরতা দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
এই পরিস্থিতি মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরি, প্রতারণামূলক অভিবাসন বন্ধ এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন তিনি। একইসঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংকটকালীন সহায়তার পরিধি বাড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি টেকসই অভিবাসন নীতি প্রণয়নের জন্য সমন্বিত গবেষণা, নির্ভুল তথ্যভাণ্ডার এবং দক্ষ নীতিনির্ধারণী কাঠামো আবশ্যক। আলোচনার শেষ পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা, সীমান্ত পরিচালনা এবং ভূরাজনীতির নানা দিক বিশ্লেষণ করে বিইউপির শিক্ষাগত ও গবেষণামূলক ভূমিকার প্রশংসা করেন প্রতিরক্ষা উপদেষ্টা।
জাতীয় শীর্ষ সংবাদ