জাতীয় ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তথ্য অধিদফতর (পিআইডি) প্রকাশিত ‘শিকল ভাঙার জুলাই’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতাকে বারবার শিকলবদ্ধ করার অপচেষ্টা রোধে সরকার একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর।
তথ্যমন্ত্রী বলেন, অতীতের আন্দোলনগুলোতে সুনির্দিষ্ট রূপরেখার অভাব থাকলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও রাজনীতি মেরামতের লক্ষ্য নিয়ে কাজ চলছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ জানান, বিগত ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় থাকা আন্দোলনকারীদের নির্যাতন, কারাবরণ ও প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ দিয়ে স্মারকগ্রন্থটি সংকলন করা হয়েছে, যা ইতিহাসের একটি স্বচ্ছ দলিল হিসেবে কাজ করবে।


