ক্রীড়া ডেস্ক
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শিগগিরই জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে নতুন ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ ঘোষণা দিয়েছেন।
রাজধানীর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্প-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দক্ষ সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সঠিক সুযোগ পেলে অলিম্পিক ও এশিয়ান গেমসের মতো শীর্ষ ক্রীড়া আসর থেকে দেশের জন্য সাফল্য ও পদক ছিনিয়ে আনতে সক্ষম।
বর্তমানে দেশে ৩০০ জন ক্রীড়াবিদ নিয়মিত সরকারি ভাতা পাচ্ছেন। নতুন ২০০ জন যুক্ত হলে ভাতাভোগীর সংখ্যা দাঁড়াবে ৫০০ জনে। এশিয়ান প্যারা গেমসসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদেরও পর্যায়ক্রমে এই ভাতার অন্তর্ভুক্ত করা হবে। ক্রীড়াবিদদের প্রস্তুতি কেবল টুর্নামেন্টভিত্তিক না রেখে সারা বছর ধারাবাহিক ও আধুনিক প্রশিক্ষণের অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
সরকার মিরপুর স্টেডিয়াম এলাকাকে একটি পূর্ণাঙ্গ ‘স্পোর্টস হাব’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য একটি আধুনিক স্বতন্ত্র ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে। ক্রীড়া কার্যক্রম ঢাকার বাইরে ছড়িয়ে দিতে দেশের ৬৪ জেলায় প্রতিভাবান ক্রীড়াবিদ অনুসন্ধানে ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ শীর্ষক প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজিত হবে।


