রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িংয়ে কারিগরি ত্রুটি: প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠানো হচ্ছে ঢাকা থেকে

রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িংয়ে কারিগরি ত্রুটি: প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠানো হচ্ছে ঢাকা থেকে

বাংলাদেশ ডেস্ক
ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড (এওজি) হয়ে পড়েছে। ঢাকা থেকে রোমগামী বিজি৩০৬ ফ্লাইটের বোয়িং উড়োজাহাজটিতে (রেজিস্ট্রেশন: এস২-এজেওয়াই) এই কারিগরি সমস্যা ধরা পড়ে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ও উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ইতালি পাঠানো হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবস্থানরত উড়োজাহাজটির ত্রুটি সারানোর জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল নিয়ে বিমানের পরবর্তী নির্ধারিত ফ্লাইটটি শনিবার (০৮ আগস্ট) ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমে অবতরণ করবে।
প্রকৌশলীরা দ্রুততম সময়ে যান্ত্রিক ত্রুটি মেরামত করার পর একই দিন অর্থাৎ ৮ আগস্ট ইতালির স্থানীয় সময় রাত ১০টায় ফ্লাইটটি (বিজি৩০৬) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। সূচি অনুযায়ী ফ্লাইটটি আগামী রবিবার (০৯ আগস্ট) বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড় ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণে শিডিউল বিপর্যয় এড়াতে বিমান কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে এই মেরামতি ব্যবস্থা গ্রহণ করেছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছানো এবং প্রকৌশলীদের কাজের পর নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনায় আশাবাদী কর্তৃপক্ষ।
জাতীয় শীর্ষ সংবাদ