দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল গণঅভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল গণঅভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক
গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের ফল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-পন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান কোনো স্বতঃস্ফূর্ত বিষয় ছিল না, বহু ত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তন ও আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি জানান, নির্দিষ্ট কোনো সংক্ষিপ্ত সময়ের আন্দোলনের মাধ্যমে এই সাফল্য আসেনি, বরং দীর্ঘদিনের সংগ্রাম এর মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।
রাজনৈতিক শিষ্টাচার ও নতুন রাজনৈতিক চর্চা প্রসঙ্গে তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে পুরানো ধারায় ফিরে যাওয়া সমীচীন নয়। রাজনীতিতে অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে তিনি সব পক্ষকে পরিপক্কতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি সতর্ক করেন যে, জাতীয় ঐক্যে ফাটল ধরে এমন কোনো চর্চা করা উচিত হবে না, যা স্বৈরাচারী শক্তির প্রত্যাবর্তনের পথ সুগম করে।
সংসদে যুক্তিতর্ক এবং মাঠে গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্ব আরোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুস্থ ধারার রাজনীতি চর্চায় সবাইকে সচেষ্ট হতে হবে। অতীতের মতো কোনো রাজনৈতিক চেতনাকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহারের রাজনীতি দেশে আর সফল হবে না বলেও তিনি উল্লেখ করেন।
রাজনীতি শীর্ষ সংবাদ