জাতীয় ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের আত্মকর্মসংস্থান এবং স্থায়ী জীবিকা নির্বাহের উদ্দেশ্যে তিনটি বিশেষ বাহন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের হাতে ব্যক্তিগতভাবে এসব উপহারের চাবি ও যানবাহন তুলে দেওয়া হয়।
উপহার হিসেবে একটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি প্যাডেলচালিত রিকশা এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অভ্যুত্থানে প্রত্যক্ষ ভূমিকা রাখা ব্যক্তিরা যেন নিজেদের শারীরিক সক্ষমতা ও সুবিধা অনুযায়ী আত্মনির্ভরশীল হতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানজুড়ে উপহারপ্রাপ্তদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের স্বাস্থ্যের বর্তমান অবস্থা, চিকিৎসাসংক্রান্ত তথ্যাদি, পারিবারিক পরিস্থিতি এবং বর্তমান অর্থনৈতিক সক্ষমতার বিস্তারিত খোঁজখবর নেন। একই সাথে অর্জিত উপহারের সঠিক ব্যবহার এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছেন সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এই শিক্ষার্থী জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় অংশ নিয়ে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। চিকিৎসকদের মতে, তার শরীরে মোট ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। আন্দোলন-পূর্ববর্তী সময়েও অটোরিকশা চালিয়ে নিজের শিক্ষার ব্যয় এবং পরিবারের ভরণপোষণ নির্বাহ করতেন এই শিক্ষার্থী। শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করে পড়াশোনা অব্যাহত রাখার জন্য তাকে একটি সিএনজি চালিত অটোরিকশা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে তাকে বিশেষ উৎসাহ প্রদান করেন।
অপরদিকে, কুষ্টিয়া অঞ্চলের বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা হস্তান্তর করা হয়েছে। অভ্যুত্থানের সময় মহাখালী এলাকায় আন্দোলনকারীদের কাছে সার্বক্ষণিক খাবার পানি পৌঁছানো এবং আহতদের জরুরিভিত্তিতে রিকশায় করে নিকটস্থ হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন তিনি। উপহার হিসেবে পাওয়া দুটি রিকশার একটি তিনি নিজে রাজধানীর রাজপথে চালাবেন এবং অপরটি অন্য কোনো চালককে ভাড়ায় পরিচালনা করতে দেবেন বলে জানান।
কর্মসংস্থানহীনতার কারণে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী জ্যেষ্ঠ নাগরিক আসাদুল হক বিশু। তার আয়-সংস্থানের সুযোগ তৈরির স্বার্থে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের শেষভাগে উপহার পাওয়া যানবাহনগুলোর প্রত্যক্ষ পরিচালন পদ্ধতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে চালকরা যাতে নিরাপদ উপায়ে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
উক্ত পুনার্বাসন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জাতীয় সংসদের সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা।


