অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর

অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর

জাতীয় ডেস্ক
আগের সরকার শিক্ষকদের অবসর ভাতা তহবিলের সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিগত শাসনামলে ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘উইন্ডি টাউন’ মিলনায়তনে আয়োজিত ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত কেবল সরকারের সমালোচনা না করে দেশের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করা। জনগণের আর্থিক সুরক্ষায় সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণসহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক আধুনিকায়ন ও আমূল সংস্কারে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানসহ মৌলিক অধিকার সংক্রান্ত প্রতিটি খাতে সমান অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
জাতীয় শীর্ষ সংবাদ