অর্থ ও বাণিজ্য ডেস্ক
তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং ব্যবস্থাপনায় যেকোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সঠিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভুল পরিসংখ্যান অপরিহার্য উল্লেখ করে তিনি তথ্য সংগ্রহের ক্ষেত্রে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ দেন।
আজ ‘নৌযান শুমারি ২০২৬’-এর তথ্য সংগ্রহ কার্যক্রমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই পরিকল্পনা গ্রহণে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই। সরকার দেশীয় বাণিজ্য সম্প্রসারণে নৌপথকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পণ্য পরিবহনে নৌপথ তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় এর সঠিক ব্যবহারে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পেশাদারিত্বের ওপর আস্থা প্রকাশ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে জানানো হয়, নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিবিএসের কারিগরি সহযোগিতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী এ শুমারি পরিচালিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর শফিউল বারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক। এ সময় উভয় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


