গোপালগঞ্জে মাদরাসার বন্ধ কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে মাদরাসার বন্ধ কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অপরাধ ডেস্ক
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি কওমি মাদরাসার ভেতরের বন্ধ কক্ষ থেকে হুসাইন কাজী (১২) নামের এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম গোপীনাথপুর এলাকার ‘গোপীনাথপুর দারুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানা’র দোতলার একটি তালাবদ্ধ কক্ষের জানালার গ্রিল কেটে তার নিথর দেহ বের করা হয়। উদ্ধারকৃত শিশুটি উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ গ্রামের পলাশ কাজীর ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানের আবাসিক শাখায় থেকে পড়াশোনা করে আসছিলেন।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, আসরের নামাজ শেষে মাদরাসার শিক্ষার্থীরা যখন বাইরে খেলাধুলায় ব্যস্ত ছিল এবং শিক্ষকরাও প্রতিষ্ঠানের বাইরে ছিলেন, সে সময় এক অভিভাবক তার সন্তানের প্রয়োজনীয় পোশাক নেওয়ার জন্য ভবনের দোতলায় যান। একটি কক্ষে পৌঁছে তিনি দরজাটি ভেতর থেকে বন্ধ পান। সন্দেহ হলে তিনি জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকান এবং ট্রাংকের ওপর গামছা প্যাঁচানো অবস্থায় শিশু হুসাইনকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তার ডাকচিক্কারে মাদরাসার অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে সমবেত হন।
পরবর্তী সময়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। উদ্ধারকারী দলের প্রধান ফায়ার সার্ভিস কর্মকর্তা রেজাউল করিম জানান, ঘটনাস্থলে গিয়ে দোতলার ঘরের প্রধান দুটি দরজাই ভেতর থেকে তালাবদ্ধ পাওয়া যায়। কোনো বিকল্প উপায়ে কক্ষে প্রবেশ করা সম্ভব না হওয়ায় তারা জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করতে বাধ্য হন। সেখানে গলায় গামছা পেঁচানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনের পর মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো অস্পষ্ট। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
শীর্ষ সংবাদ সারাদেশ