গণিত চর্চা ও অলিম্পিয়াডের বিস্তারে সরকারি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

গণিত চর্চা ও অলিম্পিয়াডের বিস্তারে সরকারি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক
দেশে বিজ্ঞান ও গণিত শিক্ষার প্রসারে গণিত চর্চা এবং আন্তর্জাতিক অলিম্পিয়াড কেন্দ্রিক কার্যক্রম আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে প্রয়োজনীয় যেকোনো সরকারি সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি স্কুল পর্যায়ে গণিত শিক্ষার উন্নয়নে তহবিল গঠন ও নতুন শিক্ষাক্রম প্রবর্তনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি।
আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের বিবরণ প্রদান করেন। প্রধানমন্ত্রী বিজয়ীদের অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ে এ ধারা বজায় রাখার আহ্বান জানান।
আলোচনাকালে তৃণমূল পর্যায়ে বিশেষ করে নারী শিক্ষার্থীদের মাঝে গণিত চর্চা ছড়িয়ে দিতে বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তার আবেদন জানানো হলে প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে গণিত কার্যক্রম পরিচালনায় একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করা হলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তা বাস্তবায়নের তাৎক্ষণিক নির্দেশ দেন।
ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় গণিতকে আরও বাস্তবমুখী করতে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে ‘অ্যাকটিভিটি ওরিয়েন্টেড ম্যাথমেটিকস’ চালুর সুপারিশ করা হলে প্রধানমন্ত্রী তাতে সম্মতি জ্ঞাপন করেন। এছাড়া শিক্ষকদের দক্ষতা মূল্যায়নে আন্তর্জাতিক স্তরের পরীক্ষার আদলে পৃথক গণিত মূল্যায়ন ব্যবস্থা চালু করার প্রস্তাবটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, আইএমও জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পক্ষে আইএমও ও ইজিএমও বিজয়ী মনামী জামান, মো. রায়হান সিদ্দিকী, জাওয়াদ হামীম চৌধুরী, মোহাম্মদ মারজুক রহমান, তাহসিন খান, এম. জামিউল হোসেন এবং সাজি সেহনাই উপস্থিত ছিলেন।
জাতীয় শীর্ষ সংবাদ